মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় ভবন থেকে পড়ে মোহাম্মদ তাহির মিয়া (৩৬) নামে এক সিলেটী যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) স্থানীয় সময় দুপুরে দেশটির কোয়ান্টান পাহাং জেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মোহাম্মদ তাহির মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের বান্নীরঘাট এলাকার বাসিন্দা। তিনি ৭ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাসী জীবন যাপন করছিলেন।
মৃত্যুর খবরটি নিশ্চিত করে মৃতের বড় ভাই মো: চাঁন মিয়া জানান, তাহির মিয়া মোবাইল ফোনের মাধ্যমে এক বছর আগে একটি মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কাগজপত্র ঠিক করে দেশে ফিরে স্থায়ীভাবে সংসার গড়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। তাহির মিয়ার মৃত্যুর খবরে পরিবার ও গ্রামে শোক বিরাজ করছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার মোল্লা জানান, মৃত্যুর খবর শুনে তাহির মিয়ার বৃদ্ধ মা ও পরিবারের সদস্যরা শোকে পাথর হয়ে গেছেন। তারা লাশ দেশে ফেরানোর অপেক্ষায় আছেন।








