ফেনী শহরের মধুপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় চারজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- মোহাম্মদ বিন জাহিদ (১৯), মো: মান্নান হোসেন (২২), মো: সোহান (২১) ও এনামুল হক রাসেল (২২)।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে মধুপুর ব্রিজের ওপর অভিযান চালায় পুলিশ। এসময় মোহাম্মদ বিন জাহিদ, মো: মান্নান হোসেন, মো: সোহান ও এনামুল হক রাসেলকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ৭-৮ জন পালিয়ে যায়। তাদের কাছ থেকে ৭ ইঞ্চি সাইজের একটি টিপ ছোরা, ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল ফোন, ৮ ইঞ্চি সাইজের একটি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতার জাহিদ দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের লালপোল এলাকার মোস্তাফিজুর রহমান কিরনের ছেলে, মন্নান চট্টগ্রামের ভুজপুর থানার মো: শহীদ মিয়ার ছেলে, সোহান বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ফুলহাতা বাজার এলাকার মো: খলিলের ছেলে এবং রাসেল কুমিল্লার চৌদ্দগ্রামের কেসকিমুড়া এলাকার মো: একরামের ছেলে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো: ইকবাল হোসেন জানান, এ ঘটনায় মো: শহিদুল ইসলাম বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। গ্রেফতার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।