বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে সিলেট সীমান্ত থেকে ৭৩ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ৪৮ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার ভোরে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া এবং সোনরহাট বিওপির টহল দল অভিযান চালায়। অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার মেডিসিন, গরু, শাড়ী, চকলেট, বিড়ি, সুপারি, সবজি এবং বিয়ার আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৩ লাখ ১৭ হাজার টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।