নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো: ইব্রাহীম (৪) ও নাদিম হোসেন (৩) নামে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ জুলাই) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রবিউল লালের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট বাজার সংলগ্ন রবিউল লালের বাড়ির মো: আবু সুফিয়ান সজিবের ছেলে মো: ইব্রাহীম ও মো: শরীফের ছেলে নাদিম হোসেন বাড়ির উঠানে খেলা করছিল। দুই পরিবারের নারী সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে সবার অগোচরে দুজন পাশের পুকুরে পড়ে যায়। তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে নিখোঁজ শিশুদের সন্ধানে পুকুরে জাল ফেলে তাদের লাশ পাওয়া যায়। তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: মো: সাহাদাত হোসেন সাগর বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা। তাদের ভাষ্যমতে, পানিতে ডুবে ওই শিশুদের মৃত্যু হয়।’