সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে এবার অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে। এই নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না এবং আমরা চেষ্টা করব যে স্থানীয় সরকার কার্যক্রম রয়েছে তা শতভাগ সক্রিয় করার জন্য। যোগ্য, ভালো ও শিক্ষিত—যারা ধ্বংস হওয়া স্থানীয় সরকারকে পুনরুজ্জীবিত করতে পারবে এ ধরনের মানুষ দিয়ে যাতে স্থানীয় সরকার নির্বাচন হয়।’

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার তা দেশের জনগণ জানে, বিশ্বাস করে এবং আস্থা অর্জন করতে শুরু করেছে বলে বিশ্বাস করি। এমন অনেক কিছু আছে যা জনগণের চাহিদার ভেতর রয়েছে যা আমরা পৌঁছাতে পারিনি। যার ভেতর অন্যতম গ্যাস, বিদ্যুৎ ও তেলের সমস্যা। এই সমস্যাগুলো বর্তমান সরকার এমনভাবে সমাধান করতে চায় যাতে বাংলাদেশকে আর কারো ওপর নির্ভরশীল থাকতে না হয়।’

পুতুল বলেন, ‘সমস্যা ও সমাধানের এই মধ্যবর্তী সময়টুকু আমাদের সবারই কষ্ট হচ্ছে। এই কষ্টের জন্য বর্তমান সরকার এমনকি স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন। আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো কমতি নেই। সবকিছু ঠিক করে সুন্দর দেশ গঠনের জন্য আমরা সকলের সহযোগিতা চাই।’

নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার শরীফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা ফেরদৌস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, পিপি রুহুল আমিন তালুকদার টগর, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফ ও জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম প্রমুখ।