ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাঁচ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
শুক্রবার (২০ জুন) রাত পৌনে ৮টা থেকে রাত সোয়া ১১টা এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে যানজট রয়েছে।
সরেজমিনে, ঢাকা- চচট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মদনপুরে থেকে সোনারগাঁওয়ে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ একই স্থানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কের মোগরাপাড়া এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে।
রহমতুল্লাহ নামে এক যাত্রী জানান, মাতুয়াইল যাবেন তিনি। দীর্ঘ এক ঘণ্টা ধরে মোগরাপাড়া অংশে যানজটে আটকে আছেন। তিনি বলেন, ‘গাড়ি নড়াচড়া করছে না। শুনলাম একটি গাড়ি নষ্ট হয়েছে।’
সোনারগাঁও জাদুঘর ঘুরে সন্তানের তিনি সিদ্ধিরগঞ্জের উদ্দেশ্যে ফিরছেন রহিমা। তিনি বলেন, ‘ছুটির দিন থাকায় সন্তানদের নিয়ে ঘুরতে এসেছিলাম। আসার সময় রাস্তা ফাঁকা থাকলেও ফেরার পথে আটকা পড়ে গেছি।’
বাস চালকরা জানান, মোগরাপাড়ায় একটি বাস বিকল হওয়ায় যানজট সৃষ্টি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, মহাসড়কের মোগরাপাড়া অংশে একটি গাড়ি বিকল হওয়ায় এ যানজট সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি যানবাহনেরও অতিরিক্ত চাপ আছে। বিকল গাড়িটি সরিয়ে ফেলা হয়েছে। যানজট ছুটে যাচ্ছে।








