সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ছয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬ জনে। এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন দুজন।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ছয়জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও মৌলভীবাজার সদর হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ২৭৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৫৫, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ১২২ ও মৌলভীবাজারে ২৯ জন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ১১ জন রয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে নয়, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে চার, হবিগঞ্জ সদর হাসপাতালে তিন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, সুনামগঞ্জ সদর হাসপাতালে দুই ও মৌলভীবাজারে সদর হাসপাতালে দুইজন।

উল্লেখ্য, চলতি মৌসুমে সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা কৃষ্ণ দাস (৪৫) ডেঙ্গুতে মারা যান। এর আগে গত ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানম (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়।