সার্বিয়ায় অবস্থানরত ফেনী জেলার সোনাগাজী উপজেলার এক প্রবাসীকে জিম্মি করে নির্যাতন এবং পরে হত্যা করে লাশ গুম করার অভিযোগ উঠেছে।

আজ সোমবার ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন নিখোঁজ প্রবাসীর পরিবার।

নিখোঁজ প্রবাসী ফয়জুল বিল্লাহ (৩৪) সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া ৩ নম্বর ওয়ার্ডের মো: ছেরাজুল হকের ছেলে।

পরিবারের অভিযোগ, পাঁচ বছর আগে সার্বিয়ায় যাওয়া ফয়জুলের সাথে গত ১৩ জুন শেষবার যোগাযোগ হয়। পরবর্তীতে একটি অপরিচিত নম্বর থেকে কল করে অপহরণকারীরা ৪ লাখ ৯০ হাজার ইউরো (প্রায় ৭ কোটি টাকা) মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দেয়া হয়।

পরিবারের দাবি, অপহরণকারীরা ভিডিও কলে ফয়জুলকে নির্যাতনের ভিডিও দেখায় এবং মুক্তিপণের টাকা না পাওয়ায় ১৭ জুন তাকে হার্ট অ্যাটাক করে মারা গেছে বলে জানায়। তবে পরিবার এই দাবিকে অস্বীকার করেছে এবং লাশ গুম করার আশঙ্কা প্রকাশ করেছে।

ফয়জুলের ছোট খালা বলেন, ‘আমরা আশঙ্কা করছি, তারা মুক্তিপণের জন্য তাকে হত্যা করে লাশ গুম করেছে।’

ফয়জুলের ছোট ভাই ফজলে এলাহী প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও পিবিআই'র কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেন, ‘আমরা জানি না, আমার ভাই বেঁচে আছে না কি মারা গেছে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।’

গত সোমবার এ ঘটনায় সোনাগাজী মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ফয়জুল নিজেও মানব পাচারের সাথে জড়িত ছিলেন এবং বিভিন্ন দেশে মানুষ পাচারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।