ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা

নেতাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ময়মনসিংহের ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩টি যানবাহন আটক করা হয়েছে।

বুধবার (২৮ মে) রাত ১টা থেকে বৃহস্পতিবার (২৯ মে) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

ধোবাউড়া থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাঁচটি ট্রাক ও আটটি লড়ি আটক করা হয়।

উপজেলার ধোবাউড়া-গোয়াতলা সড়ক, হাসপাতাল মোড়, উপজেলা মোড়, শিবানন্দখিলা মোড় থেকে সিংগুরা হয়ে ঘোষগাঁও সড়ক এবং শিবানন্দখিলা থেকে মুন্সিরহাট সড়ক পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানান, ইজারা না থাকা সত্ত্বেও নেতাই নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। রাতের আঁধারে একটি প্রভাবশালী চক্র ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করে তা বিভিন্ন স্থানে পাচার করছে।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাতের বেলা ড্রেজার চালুর বিকট শব্দে আমরা ঘুমাতে পারি না। মাঝে মাঝে প্রশাসনের অভিযান হলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না।

এ বিষয়ে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন বলেন, ‘অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এসব যানবাহন আটক করা হয়েছে এবং নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।’