মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের সাতকচর এলাকার পদ্মা নদীর পাড় থেকে আনোয়ারা বেগম (৭৭) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত আনোয়ারা বেগম শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার সোনারচর আফাজদ্দিন মুন্সী কান্দী গ্রামের কদম আলী আকনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন নগর জোয়ার এলাকায় আনোয়ারা বেগম তার মেয়ে রাহিমা বেগমের বাড়ীতে বেড়াতে আসে তারপর গত ৭ মে (বুধবার) দিবাগত রাতে ওই বাড়ীর কাউকে কিছু না বলে বাড়ী থেকে চলে যায়।

আনোয়ারা বেগমকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে তার মেয়ে রহিমা বেগম নদীর পাড়ে আনোয়ারা বেগমের সেন্ডেল দেখতে পায়, এরপর ৩টা ৩০ মিনিটের দিকে মৃত আনোয়ারা বেগমের লাশ টঙ্গিবাড়ী থানাধীন, দিঘীরপাড় ইউনিয়নের সাতকচর গ্রামের পদ্মা নদীতে পাড়ে ভেসে উঠলে খবর পেয়ে মৃতের আত্মীয় স্বজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে। এরপর ঘটনা স্থলে পুলিশ এসে ওই বৃদ্ধার লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে চর আব্দুলাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুব আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি, পরে মৃতের স্বজনদের কোনো প্রকার অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে মৃতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করি।