সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ। বর্তমান বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, সার, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাসহ সব খাতের উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিরামপুর পৌর বিএনপির আওতাধীন ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এক কর্মী সভায় এসব কথা বলেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের মাত্র সাত মাসে একেবারে সবকিছু ঢেলে সাজানো সম্ভব নয়, সেজন্য কিছুটা সময়ের প্রয়োজন। তবে বিএনপি সরকার দেশের এসব সমস্যা সমাধান করবেই ইনশাআল্লাহ্।’
বিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহিবুর এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়নের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। এতে পৌরসভার ৯টি ওয়ার্ডের দলীয় কর্মী ও প্রাথমিক সদস্যরা তাদের সাংগঠনিক বক্তব্য তুলে ধরেন।








