মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারাজনকে কারাদণ্ড ও ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড, নৌ-পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতে আটক আনোয়ার শেখকে দুই লাখ জরিমানা ও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া আবু তালেব, সাব্বির ও পারভেজকে ৫০ হাজার টাকা জরিমানা ও দেড়মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।