নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে ‘শান্তি সম্প্রীতি’ ও ‘মাদকমুক্ত গ্রাম’ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যুব সম্প্রদায়ের আয়োজনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আমাদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ‘সম্প্রীতি সভা’ অনুষ্ঠিত হয়।
আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আসাদুজ্জামান মণ্ডলের সভাপতিত্বে এবং মশিউর রহমান শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন যুব সম্প্রদায়ের প্রতিনিধি জাহাঙ্গীর শেখ।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সালাহউদ্দিন খান।
এছাড়া বক্তব্য দেন লোহাগড়া থানার এএসআই সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান খান, আমজাদ হোসেন মল্লিক, সাইফুজ্জামান মল্লিক, তারিকুল ইসলাম খান ছবি, জাহিদ সরদার, গোলজার মৃধা, ওহিদ গাজী, মহসিন শেখ, সাজেদুল হকসহ অনেকে।
বক্তারা বলেন, নড়াইলের আমাদা গ্রামে সবসময় ‘শান্তি সম্প্রীতি’ বজায় রাখতে হবে। মাদকমুক্ত গ্রাম গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ মাদক কেনাবেচা এবং সেবন করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। সবার ঐক্যের ভিত্তিতে আমরা আমাদের গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়া পড়ালেখা ও খেলাধুলার প্রতি তরুণ সমাজকে মনোযোগী করতে হবে।
আলোচনা সভা শেষে তরুণ ও যুব সম্প্রদায়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান বক্তা কে এম রেজাউল ইসলাম এবং অনুষ্ঠানটির তত্ত্বাবধায়ক সালাহউদ্দিন খান।











