রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে পান দোকানি নজরুল বেপারীর হত্যা মামলার দু’ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ জুন) পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব।
নিহত নজরুল বেপারী দৌলতদিয়া ঈমানখা পাড়ার মরহুম শাহাজউদ্দিন বেপারীর ছেলে বলে জানা গেছে।
গ্রেফতার দুই আসামি হলেন গোয়ালন্দ উপজেলার হোসেন মন্ডল পাড়ার মো: সুলতানা মিয়ার ছেলে রনি মিয়া ওরফে আরমান হোসেন (২২) এবং সোহরাব মন্ডল পাড়ার মরহুম আতর আলী মোল্লার ছেলে মো: ইসমাইল মোল্লা ওরফে ঝড়ু (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, রনির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় ডাকাতি, ছিনতাই, অস্ত্র, মাদক, নারী নির্যাতনসহ ১৪টি মামলা এবং ঝড়ুর বিরুদ্ধে দুটি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া নিহত নজরুল বেপারীর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া আইনে দু’টি মামলা ছিল।
পুলিশ জানায়, গত ২২ জুন রাত ১২টার দিকে নজরুল নিজ বাড়ি থেকে দোকানের চাবি নিয়ে দৌলতদিয়া যৌনপল্লির উদ্দেশে রওনা দেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন (২৩ জুন) সকাল পৌনে ৭টার দিকে ঈমানখা পাড়ার রেলওয়ে সীমানা পিলারের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের মাথা, ঘাড়, পিঠ, হাত ও পায়ে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন ছিল।
ঘটনায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২৬ জুন রাত ২টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে রনিকে এবং ২৭ জুন সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা জেলার সাভার থানার রেডিও কলোনি এলাকা থেকে ঝড়ুকে গ্রেফতার করে।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, নজরুলের সাথে জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধ ও শত্রুতা ছিল। একপর্যায়ে তারা আরো কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে নজরুলকে হত্যা করে।
পরে রনির দেয়া তথ্যানুযায়ী ঈমানখা পাড়ার রেল লাইনের পূর্ব পাশের ডোবা থেকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো ছোলদাও এবং ঝড়ুর দেয়া তথ্যানুযায়ী একটি স্টিলের ধারালো চাকু উদ্ধার করা হয়।








