জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা
সিলেটের জকিগঞ্জে একটি ডোবা থেকে উপুড় হয়ে পানিতে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত নামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।
মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলার মানিকপুর ইউনিয়নের এওলাসার গ্রামে এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যা ৭টার দিকে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ (ওমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লাশ ফুলে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। তবে এ ঘটনায় জকিগঞ্জ থানা পুলিশের পাশাপাশি ডিবি ও সিআইডি পুলিশ তদন্ত করছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।





