সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ মে) দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন ।
বিজিবি সূত্রে জানা যায়, গেল শনিবার সকালে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, সংগ্রাম, দমদমমিয়া এবং সোনালীচেলা বিওপির টহল টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, অরিস সিগারেট, সনপাপড়ি, বিস্কুট, চকলেট ও গরু জব্দ করে। এছাড়া, অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশী বারকী নৌকাও জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৪৪ লাখ টাকা।
এ বিষয়ে কর্নেল নাজমুল হক জানান, সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, ‘এ অভিযানেরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমানে চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।’ আটক করা মালামাল নিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। সূত্র : ইউএনবি





