ডোপ টেস্টে প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ পাওয়ায় পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সোমবার পুলিশ সদর দফতরের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পরীক্ষার ফলাফলকে ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলা পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
সরকারি আদেশ অনুযায়ী, আ ফ ম নিজাম উদ্দিন পুলিশ অধিদফতরের পুলিশ সুপার (টিআর) হিসেবে কর্মরত। বর্তমানে তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আছেন।
মিরপুর সেনানিবাসে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে গত ৮ জানুয়ারি তিনি পুলিশ অধিদফতর, ঢাকা থেকে প্রস্থান করেন।
কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়।
সরকারি আদেশে বলা হয়েছে, ওই পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় ‘Urine Benzodiazepines (BZO)’ এবং ‘Amphetamine/Methamphetamine’ পজিটিভ পাওয়া যায়।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ শাস্তিযোগ্য অপরাধ। একই বিধিমালার ১২(১) অনুযায়ী তাকে গত ৩১ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তের সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।















