বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদফতরের সাথে ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের (আইওসিএল) সম্পাদিত সমঝোতাস্মারকের (এমওইউ) আওতায় সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে আসা ভারতের জ্বালানির একটি চালান দেশটির ত্রিপুরা রাজ্যে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের সড়ক ব্যবহার করে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের জ্বালানি সরবরাহ ঠিক রাখতে আইওসিএল’র ১০টি কনটেইনারে এসব তেল ও তরলীকৃত গ্যাস (এলপিজি) ভারতের আসাম থেকে ত্রিপুরার উদ্দেশে পাঠানো হয়। ওই ১০টি কনটেইনারের মধ্যে সাতটিতে ৮৩ মে. টন জ্বালানি তেল ও তিনটিতে ২১ দশমিক ১৯ মে. টন এলপিজি রয়েছে।
তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় জ্বালানির গাড়ি প্রবেশকালে উপস্থিত ছিলেন- সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার মো: আল আমিন, তামাবিল স্থলবন্দরের উপপরিচালক মাহফুজুল ইসলাম ভূঁইয়া, রাজস্ব কর্মকর্তা সালেহ আমদ, গোয়াইনঘাট থানার ওসি এম নজরুল ইসলাম, তামাবিল বিজিবি’র কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো: সুরুজ আলী ও ভারতীয় অয়েল করপোরেশনের কান্ট্রি ম্যানেজার মাজহারুল আলমসহ সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সিলেটের কাস্টমস উপকমিশনার আল আমিন জানান, বাংলাদেশ-ভারতের সমঝোতাস্মারক চুক্তির আওতায় বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ভারতীয় এসব তেলবাহী ট্যাংক লরি তামাবিল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সবধরনের তল্লাশি শেষে এই গাড়িগুলো সিলেটের সড়কপথ দিয়ে মৌলভীবাজারের চাতলাপুর শুল্ক স্টেশনের উদ্দেশে রওনা দেয়। ওই শুল্ক স্টেশন দিয়ে লরিগুলো ত্রিপুরা রাজ্যের কাইলাশহর যাবে। ত্রিপুরায় জ্বালানি তেল সরবরাহের পর খালি যানবাহনগুলো বাংলাদেশের চাতলাপুর চেকপোস্ট হয়ে একই পথে আবার ভারতে ফিরে যাবে।
বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতের এক রাজ্য থেকে আরেক রাজ্যে জ্বালানি পরিবহনের জন্য গত ৩ আগস্ট সড়ক ও জনপথ অধিদফতরের সাথে আইওসিএল’র মধ্যে একটি সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী ভারতীয় জ্বালানি তেলবাহী ট্যাংক লরি ত্রিপুরায় যাতায়াত করবে। তবে এ ক্ষেত্রে তেলবাহী ট্যাংক লরি পরিবহনে বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করতে ভারতের শুল্ক দিতে হবে।
সিলেটের তামাবিল হয়ে ভারতের জ্বালানিবাহী লরি গেল ত্রিপুরায়
বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদফতরের সাথে ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের (আইওসিএল) সম্পাদিত সমঝোতাস্মারকের (এমওইউ) আওতায় সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে আসা ভারতের জ্বালানির একটি চালান...











