সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে জবাবদিহিতা ও দুর্নীতি দমনে আরো কার্যকর ভূমিকা রাখতে অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ১০টি মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি।

একইসাথে অতি গুরুত্বপূর্ণ ও অধিকতর বাজেটসম্পন্ন মন্ত্রণালয় বা বিভাগের ক্ষেত্রে থার্ড-পার্টি অডিট করার বিষয়েও কমিটির বৈঠকে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে কমিটির সভাপতি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরো কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দু’টি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের সিদ্ধান্তও নেয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য মো: আমানউল্লাহ আমান, কমিটির সদস্য ও হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এ কে এম ফজলুল হক মিলন, মো: হাফিজ ইব্রাহিম, ডা: মো: মাহাবুবুর রহমান, এস কে আজিজুল বারী, মো: মনজুরুল ইসলাম, মো: ফজলে হুদা, মোহাম্মদ জাকির হোসেন, বিরোধীদলীয় চিফ হুইপ মো: নাহিদ ইসলাম এবং সৈয়দ জয়নুল আবেদীন অংশ নেন।

বৈঠকে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস