সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশী নাগরিকের প্রাণহানিতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই মন্ত্রী নিহত বাংলাদেশী নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন এবং তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং লাশের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছেন।

সেইসাথে, পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রোববার স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টার দিকে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ বাংলাদেশী নিহত হন।

সূত্র : বাসস