অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ গোটা বিশ্বে কোরআন চর্চার উর্বর ভূমি। এ দেশের কোরআনের হাফেজরা বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম বৃদ্ধি করে চলেছে। তারা প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় পুরস্কার অর্জন করছে।
আজ বিকেলে রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবনে নুরুত তাহফীজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় কোরআন প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, মাতৃভাষা বাংলা হওয়ার পরও আমাদের দেশের প্রতিযোগীরা আরবি ভাষাভাষী মিসর, সৌদি আরব, কুয়েত ও কাতার প্রভৃতি দেশের প্রতিযোগীদেরকে হারিয়ে পুরস্কার নিয়ে আসছে। এ অর্জনে আমাদের বুক গর্বে ফুলে ওঠে। বাংলাদেশের কোরআনের হাফেজরা যেন আন্তর্জাতিকমানের আলেম কিংবা ইসলামী বুদ্ধিজীবী হতে পারে সে ব্যাপারেও তিনি সংশ্লিষ্টদেরকে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, কোরআনুল কারীম ছাড়া পৃথিবীর কোনো ধর্মীয় কিতাবের হাফেজ নেই। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। তিনি এর হেফাজতেরও দায়িত্ব নিয়েছেন। কোনোভাবেই কোরআনকে শেষ করা সম্ভব নয়।
তিনি নুরুত তাহফীজ ফাউন্ডেশনকে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজনের জন্য ধন্যবাদ জানান। পরে এ প্রতিযোগিতায় বিজয়ী কুরআনের হাফেজদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন।











