রাজধানীর নয়া পল্টনের অলি গলিতে মুক্তির স্লোগান দিয়ে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আজ (শুক্রবার) বিএনপির মহাসমাবেশে জড়ো হয়েছেন তারা।

সরেজমিনে দেখা যায়, মৎস্য ভবন, কাকরাইল, মালিবাগ, মতিঝিল, ফকিরাপুল, পল্টন, মগবাজার এলাকা থেকে মিছিল নিয়ে নয়া পল্টনের দিকে আসছেন নেতাকর্মীরা। নয়াপল্টনের ভিআইপি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিজয়নগর, নাইটেঙ্গল মোড়, কাকরাইল, মংস্য ভবন, ফকিরাপুল এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীরা অবস্থান করছেন। খণ্ড খণ্ড মিছিল করছেন বিভিন্ন ইউনিট ও ঢাকার বাইরে থেকে আগত নেতাকর্মীরা। মঞ্চে প্রতিবাদী ও দলীয় সংগীত পরিবেশন করা হচ্ছে।

রাজধানীর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নেমেছে।

দুদক ভবনের সামনে থেকে মিছিল নিয়ে আসেন বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি নয়া দিগন্তকে জানান, জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা থেকে তার নেতৃত্বে দুই হাজারের বেশি কর্মী এসেছে। মানুষের ঢল যেন অকল্পনীয়। তারা বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছেন। তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দিচ্ছেন। তাদের মুখে একটাই দাবি, যেকোনো মূল্যে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে।

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে মহাসমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে নয়টি ট্রাক দিয়ে তৈরি করা হয়েছে মঞ্চ।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সমাবেশকে কেন্দ্র করে নয়া পল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর সদস্যদের।