আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা রাজশাহী ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির উদ্যোগে রবীন্দ্র ভবনে আয়োজিত ২য় আন্তর্জাতিক সম্মেলন ও গবেষণা মেলা ২০২৬-এ ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার অর্জন করেছেন। বাউয়েটের ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা রব দিশা- তার দল মোছা: নুসরাত জাহান ও অরূপ রতন পাল গবেষণা পোস্টারটি উপস্থাপন করেন। গত ১ ও ২ অক্টোবর অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন অ্যান্ড পাবলিক হেলথ উপ-প্রতিপাদ্যের অধীনে তার দলের গবেষণাপত্রটি পোস্টার আকারে উপস্থাপন করেন। ‘Smartphone Usage Duration and Purpose; Their Effects on Academic Performance through Academic Distraction among Bangladeshi Students’ শীর্ষক গবেষণায় বাংলাদেশের শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারের সময়কাল ও উদ্দেশ্য এবং একাডেমিক মনোযোগ বিচ্যুতির মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফলে এর বিরুপ প্রভাব তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে এ অর্জনে বিজয়ী শিক্ষার্থী ও গবেষণা দলের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে তাদের আরো সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. সানোয়ার হোসাইন। বিজ্ঞপ্তি।