‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিম’ এবং ‘আইসিটি খাত উন্নয়ন পুনঃঅর্থায়ন স্কিম’-এর অধীনে গ্রাহকদের স্বল্প সুদে ঋণসুবিধা প্রদানের উদ্দেশ্য বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে দু’টি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ডাচ-বাংলা ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: এহতেশামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে পরিবেশবান্ধব কারখানা ও ভবন নির্মাণ উৎসাহিত করা হবে। এ স্কিমে মোট এক হাজার কোটি টাকার (ঘূর্ণায়মান) তহবিল বরাদ্দ করা হয়েছে; যার অধীনে একজন একক গ্রাহক ৫ শতাংশ সুদে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন। বিজ্ঞপ্তি।





