বাংলাদেশী নাগরিকদের জন্য মালয়েশিয়ায় চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়াকে আরো সহজ, সমন্বিত ও সুবিধাজনক করতে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি), প্রাইম ব্যাংক পিএলসি এবং ইরভিং এভিয়েশন লিমিটেড একটি ত্রিপক্ষীয় সহযোগিতা কাঠামোতে যুক্ত হয়েছে। গতকাল ঢাকার গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা, ভ্রমণ ও আর্থিক সেবাকে সমন্বিত করে বাংলাদেশী মেডিক্যাল ট্রাভেলারদের পুরো স্বাস্থ্যসেবা ভ্রমণপ্রক্রিয়ায় সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
এই সহযোগিতার লক্ষ্য হলো উপযুক্ত হাসপাতাল ও চিকিৎসাসেবা সম্পর্কে তথ্য সংগ্রহ থেকে শুরু করে ভ্রমণব্যবস্থা, ভিসা সহায়তা ও চিকিৎসা ব্যয় পরিশোধ রোগীর পুরো যাত্রাকে আরো সহজ ও সুসংগঠিত করা। এমএইচটিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো সুরিয়াগান্ধি সুপ্পিয়াহ বলেন, ‘তিনটি প্রতিষ্ঠানের নিজ নিজ সক্ষমতাকে একত্র করে বাংলাদেশী রোগীদের জন্য মালয়েশিয়ায় স্বাস্থ্যসেবা গ্রহণের প্রক্রিয়াকে আরো সহজ, সমন্বিত ও সুবিধাজনক করতে ভূমিকা রাখবে।’
প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী বলেন, এই সহযোগিতা বিদেশে চিকিৎসাসংক্রান্ত ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে গ্রাহকরা আরো বেশি সুবিধা পাবেন। তিনি বলেন, “মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণে আগ্রহী গ্রাহকদের জন্য আরো সুবিধাজনক অর্থ পরিশোধের সমাধান নিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি হওয়ায় প্রাইম ব্যাংক এই সহযোগিতার অংশ হতে পেরে আনন্দিত।”
এই সহযোগিতার আওতায় প্রাইম ব্যাংক স্বাস্থ্যসেবা-সংক্রান্ত আর্থিক লেনদেনে সহায়তা করবে এবং প্রযোজ্য ক্ষেত্রে কার্ডভিত্তিক পেমেন্ট সুবিধা ও বিশেষ সুবিধা বা ছাড় দেওয়ার সম্ভাবনা নিয়ে কাজ করবে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স হাজওয়ান হাসনোল। অনুষ্ঠানে এমএইচটিসি, প্রাইম ব্যাংক, ইরভিং গ্রুপ এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।