ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টারের উদ্যোগে এবং সেন্টারের পরিচালক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুবাইয়াত ইসলামের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘তরুণদের জন্য সাইবার সচেতনতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘স্মার্ট, নিরাপদ ও সুরক্ষিত : স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক সাইবার নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল ডিজিটাল আচরণ গড়ে তোলা এবং অনলাইন ঝুঁকি মোকাবেলার বাস্তবভিত্তিক জ্ঞান প্রদান করা হয়।
কর্মসূচিতে রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, মাহিম মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৯০ জন শিক্ষার্থী এবং ২০ জনের অধিক শিক্ষক অংশগ্রহণ করেন। দিনব্যাপী বিভিন্ন সেশন, আলোচনা ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের নিরাপদ ডিজিটাল জীবনযাপন এবং সাইবার ঝুঁকি মোকাবেলা বিষয়ে সচেতন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির ডিন প্রফেসর ড. মো: ফখরে হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান মাহমুদ এবং সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুবাইয়াত ইসলাম। বিজ্ঞপ্তি।





