দেশের দু’পুঁজিবাজারে প্রতিদিনের লেনদেনের সময় দেড় ঘন্টা বাড়ানো হয়েছে। আজ ১৫ জুলাই, ১৮ ও ১৯ জুলাই ঢাকা ও চট্টগ্রাম ষ্টক মার্কেটে দুপুর ২.৩০টা পর্যন্ত লেনদেন হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং লেনদেনের সাথে মিল রেখে শেয়ারবাজারের লেনদেন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির দেয়া বুধবারের এক আদেশে বলা হয়েছে, আগামী ১৫, ১৮ ও ১৯ জুলাই ব্যাংকিং লেনদেন সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করার আলোকে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত করা হয়েছে। এই বিষয়ে গতকালই দেশের দুই ষ্টক মার্কেটের ব্যবস্থাপনা পরিচালককে সংস্থার যুগ্ম-পরিচালক স্বাক্ষরিত চিঠি দিয়ে লেনদেনের নতুন সময় জানানো হয়েছে।
চিঠিতে বিএসইসি আরো বলেছে, ঈদের পর আগামী ২৫ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেনের সময় হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
উল্লেখ্য, এর আগে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউনে ব্যাংকিং লেনদেন কমিয়ে আনা হয়। তখন শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত কমিয়ে আনা হয়। আর গত ৮ জুলাই থেকে ব্যাংকিং লেনদেন সময় বাড়ানোর সাথে সাথে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত করা হয়।





