রোববার (২৯ জুন) থেকে কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট সময়ে কাজে যোগদান না করলে বিধি মোতাবেক শাস্তির মুখোমুখি হতে হবে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে।
শুক্রবার (২৭ জুন) রাতে এনবিআরের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্ত সকল কর্মকর্তা-কর্মচারীর স্ব-স্ব দফতরে উপস্থিত থেকে সেবা প্রদান নিশ্চিত করতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো: আল আমিন শেখ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এবং রাজস্ব আদায়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের দফতরগুলোতে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধি-বিধান অনুযায়ী বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, বিনা অনুমতিতে অফিস ত্যাগ এবং বিলম্বে অফিসে উপস্থিতি অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।
দাফতরিক শৃঙ্খলা সমুন্নত রাখা এবং অর্থ বছরের শেষ তিনটি কর্ম দিবসে ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখাসহ রাজস্ব আদায় কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্ত সকল কাস্টমস হাউস, কর কমিশনারেট এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সকল কমিশনারদেরকে তাদের নিয়ন্ত্রণাধীন সকল দফতরে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদান করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড হতে নির্দেশনা প্রদান করা হচ্ছে।
অফিস চলাকালীন দাফতরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীকে স্ব-স্ব দফতর প্রধানের অনুমতি গ্রহণ করত: সংশ্লিষ্ট দফতরে রক্ষিত ‘অফিস ত্যাগের রেজিস্টার’ এ এন্ট্রি করে অফিস ত্যাগ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন দফতর-সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।








