বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মাহমুদুর রহমান বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে।

সার নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে আতঙ্কিত না হয়ে আগে সঠিক তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছে তিনি।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) বরিশালে নবনির্মিত ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন বাফার গুদামের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, কৃষকদের কাছে সময়মতো সুষ্ঠুভাবে সার পৌঁছে দেয়া সরকারের অন্যতম দায়িত্ব। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সার সরবরাহ ব্যবস্থাকে আরো কার্যকর, সুশৃঙ্খল ও সমন্বিত করার লক্ষ্যে বিসিআইসি কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন নতুন এই গুদাম চালুর ফলে বরিশাল অঞ্চলে সার সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাপনা আরো গতিশীল হবে। কোথাও কোন ঘাটতি বা সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য আহ্বান জানান তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ওবায়দুল্লাহ, বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক এবং উৎপাদন ও গবেষণা) মো: মনিরুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) মু. খায়রুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় প্রধান (বিপণন) মো: মঞ্জুর রেজা।

বিজ্ঞপ্তি