গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।
জানা গেছে, বিমানটি শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিকউইত শহর থেকে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল। যাত্রাপথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানটি কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে এলাকায় জরুরি অবতরণের চেষ্টা করে।
কোয়াঙ্গোর ডেপুটি গভর্নর রেমি সাকি বোকিন্ডা বলেন, ‘কেঙ্গেতে কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় গিয়ে বিধ্বস্ত হয়।’
কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে জানান, এই দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন।
তিনি বলেন, ‘বিমানে থাকা সবাই মারা গেছেন। ১২ জনের লাশ পুড়ে এমন অবস্থায় পৌঁছেছিল যে তাদের শনাক্ত করা সম্ভব ছিল না। আর পাইলটের লাশ বিমানের বাইরে পাওয়া গেছে।’
সামরিক বাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক, সরকারি প্রতিনিধি দলের সদস্য এবং সামরিক কর্মীরা ছিলেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র।
সূত্র : আল জাজিরা











