জাপানে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় ৭টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইওয়াতে প্রদেশের মিয়াকো শহর থেকে প্রায় ৭১ মাইল দূরে।

জাপান সরকার ভূমিকম্পের মাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৫। ভূমিকম্পের কারণে আওমোরি, হোক্কাইদো ও ইওয়াতে প্রদেশের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

সরকারের জারি করা এক বিজ্ঞপ্তিতে উপকূলীয় বা নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের উঁচু ও নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।

কিয়োডো নিউজের তথ্যমতে, প্রশান্ত মহাসাগরে ইওয়াতে ও আওমোরি প্রদেশের উপকূলে সুনামির ঢেউ দেখা গেছে।

কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, সুনামির উচ্চতা তিন মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত হতে পারে।

তারা জানিয়েছে, আওমোরি ও মিয়াগি প্রদেশের পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর কর্তৃপক্ষ রাজধানী টোকিও ও আওমোরি প্রদেশের মধ্যে বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ভূমিকম্প-কবলিত এলাকার জনগণকে সম্ভাব্য সুনামি থেকে বাঁচতে ‘উঁচু স্থানে আশ্রয় নিতে’ আহ্বান জানিয়েছেন।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি