গত ২৪ ঘণ্টায় হাউছিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৪১৪টি হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। 

দেশটির সরকারি বার্তাসংস্থা সাবার প্রকাশিত এক বিবৃতিতে সামরিক মুখপাত্র মাজেদ আল-নুজাইলি জানান, এই অভিযানগুলোর লক্ষ্য ছিল হাউছিদের নতুন সৈন্য ও রসদ সরবরাহ এবং তাদের সামরিক সক্ষমতা।

তিনি আরো জানান, এসব হামলায় হাউছি যোদ্ধা ও তাদের সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। 

তবে সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি সামরিক মুখপাত্র।

সেনাবাহিনীর এসব দাবির বিষয়ে হাউছিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে, সরকারি বাহিনী ১০টি রণাঙ্গনজুড়ে হাউছি লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে ৩৫৬টি অভিযান চালিয়েছে। এতে গোষ্ঠীটির ৪৭৬ জন সদস্য হতাহত হয়েছেন।

২০১৪ সালে হাউছিরা রাজধানী সানা ও বেশ কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই ইয়েমেন সংঘাতের মধ্যে নিমজ্জিত রয়েছে। এর জেরে ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি-নেতৃত্বাধীন একটি জোট সেখানে সামরিক হস্তক্ষেপ শুরু করে।

সেপ্টেম্বর মাসে সংঘাত আরো তীব্র হয়ে ওঠে। এ সময় হাউছিরা আল-হুদাইদাহ ও তাইজ প্রদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয়, যার মধ্যে কৌশলগত শহর মোখাও অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও তারা বাব আল-মানদেব প্রণালীর ওপর অবস্থিত মায়ুন দ্বীপও নিয়ন্ত্রণে নেয়।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি