তেহরানের কাছে মানজিলাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ ছয় সদস্যকে হত্যা করেছে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসি। ইরানি বাহিনীর দাবি, ওই গোষ্ঠীটি সেখানে হামলার পরিকল্পনা করছিল।

আল জাজিরা বৃহস্পতিবার (১ অক্টোবর) জানায়, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আইআরজিসির সদস্যরা একটি বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করেছেন। রাজধানী তেহরান থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে তেহরান প্রদেশের ওই গ্রামে এখনো অভিযান চলছে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ‘এলাকাটি পুরোপুরি সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করা এবং তাদের মোকাবিলা করতে অভিযান চলছে।’

ইরান এর আগেও একাধিকবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে দেশটিতে অস্থিরতা ছড়ানোর অভিযোগ করেছে। তেহরানের দাবি, দেশটির বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে ওয়াশিংটন ও তেল আবিব।