গাজাজুড়ে ইসরাইলি হামলায় আটজন ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) এসব হামলা চালানো হয়। 

গাজার সিভিল ডিফেন্স ও আল-শিফা হাসপাতালের কর্মীদের তথ্য অনুযায়ী, গাজা শহরের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরো কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

হাসপাতালের সূত্রগুলো জানিয়েছে, শনিবার গাজাজুড়ে মোট আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজার বেইত লাহিয়ায় একজন নিহত হন এবং আগের হামলায় আহত দু’জন মারা যান।

শনিবার ভোরের দিকে যখন বাসিন্দারা ঘুমাচ্ছিলেন, তখন গাজা শহরের রিমাল এলাকার ‘আল-আসলা’ ভবনে হামলা চালানো হয়। কোনো পূর্বসতর্কতা ছাড়াই এই হামলা চালানো হয়েছিল।

রিমাল গাজা শহরের অন্যতম ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা, যেখানে অস্থায়ী শিবিরে আশ্রয় নেয়া হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন।

হামলাটি লক্ষ্যবস্তু করা ভবন ভেদ করে নিচের তলাগুলোও গুঁড়িয়ে দেয়। এর ফলে বহুতল ভবনজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র : আল জাজিরা