অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরাইলিদের ক্রমাগত বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার হামাসের মুখপাত্র আবদুল লতিফ আল-কানউ এক টুইট বার্তায় এই আহ্বান জানান।
টুইট বার্তায় তিনি বলেন, 'পশ্চিম তীরে দখলদার সরকারের ৩১ বসতি স্থাপনের পরিকল্পনার বিষয়টি বেনেট সরকারের উগ্রতা প্রমাণ করেছে। অধিকার ছাড়াই বসতি স্থাপন, ভূমি আত্মস্মাৎ ও আমাদের জনগণকে উচ্ছেদের নীতি অব্যাহত রাখার মাধ্যমে এই উগ্রতা প্রকাশিত হয়েছে।'
এই দখলদারিত্ব ও বসতি স্থাপনের প্রকল্প প্রতিরোধ করতে আল-কানউ পশ্চিম তীরজুড়ে ইন্তেফাদা ছড়িয়ে দেয়ার এবং গণ প্রতিরোধের আহ্বান জানান।
এর আগে গত বুধবার ইসরাইলের নতুন জোট সরকার পশ্চিম তীরে ইহুদি বসতিগুলোতে নতুন ৩১টি ভবন তৈরির পরিকল্পনায় অনুমোদন দেয়। গত ১৩ জুন ক্ষমতায় আসা বেনেট সরকারের এটিই প্রথম অবৈধ বসতি স্থাপন পরিকল্পনায় অনুমোদন।
ফিলিস্তিনি ও ইসরাইলি বিভিন্ন সূত্র অনুসারে, বর্তমানে অধিকৃত পশ্চিম তীরে ১৬৪ বসতি ও ১১৬টি আউটপোস্টে প্রায় ছয় লাখ ৫০ হাজার ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছেন।
আন্তর্জাতিক আইন অনুসারে, অধিকৃত ভূখণ্ডে সব ইহুদি বসতিকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।
সূত্র : ইয়েনি শাফাক








