তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ফোন করে ইরানের দায়িত্ব নেয়া নতুন প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রইসিকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার এই ফোনালাপে উভয় নেতা দুই দেশের পারস্পারিক সম্পর্ক জোরদার ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে প্রত্যয় জানিয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্টের দফতর ও ইরানের প্রেসিডেন্টের দফতরের পৃথক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
ফোনালাপে এরদোগান রইসিকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তিনি বিশ্বাস করেন রইসির অধীনে প্রত্যেক ক্ষেত্রেই তুরস্ক ও ইরানের সম্পর্ক জোরদার এবং পারস্পারিক সহযোগিতা শক্তিশালী হবে।
সাথে সাথে তুরস্কে সাম্প্রতিক দাবানলে ইরানের সহায়তার কথা উল্লেখ করে তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানান এরদোগান।
অপরদিকে রইসি ইরান ও তুরস্কের সম্পর্ককে ‘সাধারণ প্রতিবেশীর সম্পর্কের চেয়ে বৃহৎ’ উল্লেখ করে বলেন, তুরস্কের সাথে ইরান বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সম্পর্কে জড়িয়ে আছে।
রইসি বলেন তেহরান ও আঙ্কারার মধ্যে সহযোগিতার সম্পর্ক মুসলিম বিশ্বের বিপুল উপকার বয়ে আনবে এবং এর মাধ্যমে আঞ্চলিক উন্নতি, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, জায়নবাদী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো দুই দেশেরই সাদৃশ্যপূর্ণ পররাষ্ট্রনীতি।
রইসি বলেন, ‘জায়নবাদী আগ্রাসন থেকে ফিলিস্তিনের নিপীড়িত ও অসহায় মানুষকে সহায়তা ও সুরক্ষা দেয়া আমাদের যৌথ নীতি থেকে কখনোই প্রত্যাহার করা হবে না।’
সূত্র : আনাদোলু এজেন্সি ও ইরনা








