এ বছরের শুরু থেকে পূর্ব জেরুসালেমে ৮১টিরও বেশি ফিলিস্তিনি ঘর-বাড়ি ধ্বংস করেছে ইসরাইল। এক ফিলিস্তিনি কর্মকর্তা বুধবার এ তথ্য জানিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে তুর্কি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি।

ফিলিস্তিনের জেরুসালেম বিষয়ক মন্ত্রী ফাদি আল-হাদমি বলেন, ইসরাইলের ইহুদি বসতি স্থাপনকারীদের অবৈধ সুবিধা দেয়ার জন্য শেখ জাররাহ এলাকা ও সিলন শহরে দশকের পর দশক বাস করা ফিলিস্তিনিদের ঘর-বাড়ি ধ্বংস করা হচ্ছে। এসব বাড়ি-ঘর ধ্বংসের কারণে শত শত ফিলিস্তিনি বাস্তুচ্যুত হওয়া আশঙ্কা রয়েছে।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া ল্যাটিন আমেরিকার দেশগুলোর প্রতিনিধিদের সামনে তিনি এসব কথা বলেন। তিনি তার কার্যালয়ে এ দেশগুলোর প্রতিনিধিদের সাথে কথা বলার সময় তাদেরকে এসব তথ্য জানান। আর্জেন্টিনা, চিলি, ব্রাজিল, ভেনিজুয়েলা, ইকুয়েডর ও মেক্সিকোর রাষ্ট্রদূতরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

সিলওয়ান শহরের আল-বুস্তান এলাকায় পরিকল্পিতভাবে কয়েক ডজন ফিলিস্তিনি ভবন ধ্বংসের বিষয়ে ল্যাটিন আমেরিকার দেশগুলোর প্রতিনিধিদের জ্ঞাত করে ফাদি আল-হাদমি এ সকল বিষয়ে সতর্ক করেন।

তিনি বলেন, ইস্ট জেরুসালেম সেন্টার নামে পরিচিত ইসরাইলি প্রকল্পের মাধ্যমে পূর্ব জেরুসালেমের খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক, সাংস্কৃতিক ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে ধ্বংস করা হচ্ছে। এটাই এ প্রকল্পের ভয়াবহ দিক।

বর্তমানে ইসরাইলি কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা সিলওয়ান শহরের বুস্তান ও বাতিন আল-হাওয়া এলাকায় কয়েক ডজন ফিলিস্তিনি ঘর-বাড়ি ধ্বংস করবে।

আন্তর্জাতিক আইন অনুসারে ইসরাইলি কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত পূর্ব জেরুসালেম ও পশ্চিম তীরের সকল অবৈধ ইহুদি বসতি আর ভূমি দখল অবৈধ।

সূত্র : মিডলইস্ট মনিটর