সৌদিতে করোনাকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর প্রথমবারের মতো ওমরাহ পালন করতে এসেছে বিদেশীরা। করোনা সংক্রমণ প্রতিরোধে সৌদি আরব ওই অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছিল।

স্থানীয় সময় রোববার এসব সংবাদ প্রকাশ করেছে আরব নিউজ।

সৌদিতে করোনাকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর দেশটির বিমানবন্দরে আসা ওই বিদেশী ওমরাহ পালনকারীদের খেজুর, গোলাপ ও জমজমের পানি দিয়ে স্বাগত জানানো হয়।

সৌদি আরবে ওমরাহ পালন করতে এলে বিদেশীদেরকে প্রথমেই করোনার টিকা দেয়ার প্রমাণপত্র দেখাতে হবে যেটা তাদের দেশেও নির্ভরযোগ্য ও বৈধ। ওই প্রমাণপত্রে সৌদি অনুমোদিত করোনা টিকা গ্রহণের বিস্তারিত তথ্য থাকতে হবে।

যদি ওই বিদেশী ওমরাহ পালনকারী এমন দেশ থেকে আসেন যেখান থেকে সরাসরি (বিমান বা জাহাজে করে) সৌদিতে আসা নিষিদ্ধ। তাহলে তাকে কোয়ারিন্টিনে থাকতে হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী আব্দুলফাত্তাহ বিন সুলাইমান মাশাত বলেন, সৌদি আরবের ওমরাহ কোম্পানিগুলো বিদেশী ওমরাহ হজ পালনকারীদের সেবার জন্য প্রস্তুত। এসব বিদেশী ওমরাহ পালনকারীদের সৌদিতে আগমন থেকে বিদায় পর্যন্ত সকল সেবা প্রদান করা হবে।

মডার্না, ফাইজার-বায়োটেক, জনসন অ্যান্ড জনসন ও অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকাকে সৌদি আরবে অনুমোদ দেয়া হয়েছে।

সূত্র : আরব নিউজ