গাজা ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইল দাবি করেছে, ফিলিস্তিনিরা উস্কানিমূলকভাবে বেলুন উড়ানোর কারণে এই হামলা চালানো হয়েছে। ওইসব বেলুন থেকে দক্ষিণ ইসরাইলে গাছপালায় আগুন ধরে যাচ্ছে বলেও দাবি করা হয়েছে।

ইসরাইলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ইসরাইলি বিমানবাহিনী মঙ্গলবার ভোরে টুইটে জানায়, খান ইউনুসে হামাসের অস্ত্র উৎপাদন স্থাপনা ও জাবালিয়ায় একটি রকেট উৎক্ষেপণ অবস্থানে হামলা চালানো হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী জানায়, হামাসের ভূগর্ভস্থ রকেট উৎক্ষেপণ অবস্থানটি শুজাইয়ার বেসামরিক বাড়িঘর ও একটি স্কুলের কাছে। সেখানেও হামলা চালানো হয়েছে। এছাড়া খান ইউনুসের হামাসের অস্ত্র উৎপাদন কারখানা ও জাবালিয়ায় সুড়ঙ্গে হামলা চালানো হয়েছে।

গত মে মাসে মিসরের মধ্যস্ততায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতির পর থেকে গাজা নিয়ন্ত্রণকারী হামাস প্রায়ই দাহ্য পদার্থ ভর্তি বেলুন উড়িয়ে থাকে। এসব বেলুন ইসরাইলে আতঙ্কের সৃষ্টি করে।

ফিলিস্তিনিরা বলছে, এসব বেলুন উড়ানোর লক্ষ্য হলো ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করা। যাতে তারা গাজার ওপর থেকে বিধিনিষেধ শিথিল করে, তাদের ভূখণ্ডে সাহায্য প্রবেশের অনুমতি দেয়।

সোমবার উড়ানো বেলুন গাজার সীমান্তে থাকা ইসরাইলি খামারে আগুন ধরিয়ে দেয় বলে ইসরাইলের দমকল বাহিনী জানিয়েছে।

সূত্র : আল জাজিরা