ইসরাইলি কারাগারের কঠোর নিরাপত্তার মধ্যেও ফিলিস্তিনি বন্দীদের পলায়ন দেশটির সামরিক সম্মানে আঘাত করেছে বলে জানিয়েছে হামাস। শনিবার ছয় ফিলিস্তিনি কারাবন্দীদের পলায়নের ব্যাপারে এমন মন্তব্য করে ফিলিস্তিনের এ প্রতিরোধ সংগঠনটি।
গত সোমবার কঠোর নিরাপত্তা বেষ্টিত ইসরাইলের গিলবোয়া কারাগার থেকে পালিয়ে যায় ছয় ফিলিস্তিনি কারাবন্দী। পরে ইসরাইলের সেনারা পালিয়ে যাওয়া চার ফিলিস্তিনি কারাবন্দীকে আবারো আটক করতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে হামাসের মুখপাত্র ফওজি বারহুম এক বিবৃতিতে বলেন, পালিয়ে যাওয়া চার ফিলিস্তিনি কারাবন্দীকে আবারো আটক করার ঘটনা হলো ইসরাইলের আধিপত্যের বিরুদ্ধে অবিরত সংগ্রামের একটি ধাপ।
ইসরাইলের আধিপত্যের বিরুদ্ধে অবিরত সংগ্রামের এ উদাহরণটি পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উৎসাহ দিবে। এর মাধ্যমে তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে এবং ইসরাইলের আধিপত্যের বিরুদ্ধে অভ্যুত্থান করবে।
হামাসের এ মুখপাত্র আরো বলেন, ইসরাইলি কারাগার ভেঙ্গে কারাবন্দীদের পালিয়ে যাওয়ার এ ঘটনা ফিলিস্তিনিদের মধ্যে স্বাধীনতার আশা বাড়িয়েছে। এ কারাগার ভাঙ্গাকে ফিলিস্তিনিরা জয় হিসেবে অভিহিত করছে। অপরদিকে এ কারাগার ভাঙ্গার ঘটনায় ইসরাইলের সামরিক ও গোয়েন্দা ব্যর্থতা প্রকাশিত হয়েছে।
সূত্র : ডেইলি সাবাহ








