নতুন করে ফিলিস্তিনি জনগণের আর কোনো বাড়িঘর উচ্ছেদে ইসরাইলি পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন তিনি।

ইসমাইল হানিয়া বলেন, জেরুসালেমের শেখ জাররাহ মহল্লায় ইসরাইলি বাহিনী যদি বলপূর্বক কোনো উচ্ছেদ অভিযান চালায়, তবে হামাস সেখানকার ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে।

তিনি বলেন, আমাদের যেসব লোক বায়তুল মুকাদ্দাস, পবিত্র আল-আকসা মসজিদ ও সেখানকার ধর্মীয় স্থাপনাগুলো রক্ষা করছেন তাদের জানা উচিত তাদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল কোনো রকম পদক্ষেপ নিলে তাদের পাশে ফিলিস্তিনের সমস্ত প্রতিরোধ সংগঠন ও সাধারণ মানুষ শক্তভাবে দাঁড়াবে।

জেরুসালেমের শেখ জাররাহ মহল্লায় ফিলিস্তিনি বাসিন্দাদের সাথে ইসরাইলি বসতিস্থাপনকারীদের জমির মালিকানা নিয়ে বিরোধে ইসরাইলি আদালত উভয়ের মধ্যে মীমাংসার প্রস্তাব দেয়। এর আওতায় স্থানীয় ফিলিস্তিনিরা 'সংরক্ষিত বাসিন্দা' হিসেবে তিন পুরুষ পর্যন্ত তাদের বাসস্থানে অবস্থান করতে করতে পারবে এবং তাদেরকে উচ্ছেদ করা হবে না। এর বিনিময়ে তাদেরকে ইসরাইলিদের কাছে ভাড়া পরিশোধ করতে হবে।

শেখ জাররাহর বাসিন্দারা এই মীমাংসাকে প্রত্যাখ্যান করে আসছে।

সূত্র : পার্সটুডে