জাতিসঙ্ঘের জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ক্লাইমেট চেইঞ্জ কনফারেন্সের পরবর্তী ২০২২ ও ২০২৩ সালের সম্মেলন মিসর ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

ব্রিটেনের স্কটল্যান্ড রাজ্যের রাজধানী গ্লাসগোতে চলমান কপ-২৬ সম্মেলনে বৃহস্পতিবার পরবর্তী দুই সম্মেলনের আয়োজক হিসেবে মধ্যপ্রাচ্যের এই দুই দেশের নাম ঘোষণা করা হয়।

মিসরের পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালের কপ-২৭ সম্মেলন তারা দেশটির লোহিত সাগর উপকূলীয় পর্যটন কেন্দ্র শারম আল-শেখে আয়োজন করবে।

এর আগে গত সেপ্টেম্বরে মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি আফ্রিকার পক্ষে কপ-২৭ আয়োজন করার প্রস্তাব করেন।

ওই সময় তিনি বলেন, মিসরে এই সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে সকলের সহযোগিতা নিয়ে আফ্রিকা ও সারা বিশ্বের উপকারে আন্তর্জাতিক জলবায়ু সংরক্ষণ প্রচেষ্টার বৈপ্লবিক পট পরিবর্তন করা হবে।

অপরদিকে কপ-২৮ সম্মেলনের আয়োজক হিসেবে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুম এক টুইট বার্তায় বলেন, ‘সম্মেলন সফল করতে আমরা আমাদের সকল সক্ষমতাকে কাজে লাগাবো। সংযুক্ত আরব আমিরাত পৃথিবীকে রক্ষায় বৈশ্বিক জলবায়ু বিষয়ক পদক্ষেপ পালনে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।’

সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মরিয়ম বিনতে মোহাম্মদ আল-মেহেরি এক টুইটবার্তায় বলেন, ‘এই বৈশ্বিক সমাবেশ আয়োজন আমাদের এক গুরুত্বপূর্ণ সুযোগ দিয়েছে সমাজের গতিশীল উপাদান আমাদের তরুণদের সম্মেলন ও আলোচনার সাথে সংযুক্ত করে পরবর্তী প্রজন্মের জন্য স্থিতিশীল ভবিষ্যতের সর্বোচ্চভাবে নিশ্চিত করার।’

গ্লাসগোতে চলমান কপ-২৬ সম্মেলন শুক্রবার শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে ১ নভেম্বর এই সম্মেলন শুরু হয়।

সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীন পরিবেশ সংরক্ষণে একত্রে কাজ করার বিষয়ে বিরল এক যৌথ ঘোষণা করেছে। এছাড়া ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ, ২০৫০ সালের মধ্যে বিভিন্ন দেশের কার্বন নিরপেক্ষ হওয়ার ঘোষণাসহ বিভিন্ন চুক্তি এই সম্মেলনে স্বাক্ষরিত হয়েছে।

সূত্র : রয়টার্স