ইয়েমেন ইস্যুতে মন্তব্যের জেরে লেবাননের মন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানানোর বিষয়টিকে নাকচ করে দিয়েছে হিজবুল্লাহ। লেবাননের তথ্যমন্ত্রী এ মন্তব্যের জেরে সৌদি আরবের সাথে কূটনীতিক সম্পর্কে ভাঙ্গন ধরেছে। লেবাননের তথ্যমন্ত্রী তার বিবৃতিতে ইয়েমেনে সৌদি আরবের সামরিক হস্তক্ষেপের সমালোচনা করেন। এখন হিজবুল্লাহ ইয়েমেন ইস্যুতে লেবাননের তথ্যমন্ত্রীকে সমর্থন করায় সঙ্কট সহজে কাটবে বলে আশা করা যাচ্ছে না। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

লেবাননের প্রভাবশালী সংগঠন হিজবুল্লাহর নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেন, ইয়েমেন যুদ্ধে সৌদি আরব সম্পূর্ণ ব্যর্থ ও পরাজিত। তিনি বলেন, যদি হাউছিদের হাতে ইয়েমেনের মারিব শহরের পতন হয় তাহলে সৌদি আরবের জন্য এর ফল হবে মারাত্মক।

লেবাননের সাথে সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কিন্তু, প্রভাবশালী সামরিক সংগঠন হিজবুল্লাহর প্রভাবে কয়েক বছর ধরে লেবানন-সৌদি সম্পর্ক এখন সবচেয়ে খারাপ সময় পার করছে। এ সম্পর্ক আরো খারাপ হয় যখন লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি বলেন, বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের দেশকে রক্ষা করার জন্য হাউছিরা লড়াই করছে। তিনি এখানে বিদেশী আগ্রাসন বলতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটকে বুঝিয়েছেন।

লেবাননের তথ্যমন্ত্রীর এমন মন্তব্যের পর বিভিন্ন উপসাগরীয় দেশ, যেমন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে। এছাড়া ওই দেশগুলো লেবাননের সাথেও সম্পর্ক ছিন্ন করেছে

এদিকে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির মন্তব্যকে সমর্থন করেছে হিজবুল্লাহ।

এ বিষয়ে হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেন, লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির মন্তব্য ছিল সঠিক ও বস্তুনিষ্ঠ। লেবাননের তথ্যমন্ত্রীর এ বিবৃতিতে সৌদি আরব যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা খুবই মারাত্মক।

নাসরুল্লাহর দাবি তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির এ মন্তব্যের জের ধরে লেবাননে গৃহযুদ্ধ শুরু করতে চায় সৌদি আরব। লেবাননের রাজনীতিতে হিজবুল্লাহ তাদের প্রভাব খাটাচ্ছে এমন দাবিও নাকচ করে দেন নাসরুল্লাহর।

এদিকে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি বলেছেন, তার এ মন্তব্য ছিল মন্ত্রীপদ পাওয়ার আগে, তাই তিনি পদত্যাগ করবেন না।

হিজবুল্লাহর নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ আরো বলেন, ইয়েমেন ইস্যুতে যদি সৌদি আরব বিরক্ত হয়ে যায় তাহলে তাদের উচিৎ হিজবুল্লাহ ও লেবাননের ওপর চাপ প্রয়োগ না করে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করা। একইসাথে তিনি ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার ও দেশটিতে রাজনৈতিক আলোচনা শুরু করার পরামর্শ দেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর