ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে ইরানি কর্মকর্তাদের আলোচনায় এসব দেশের সঙ্গে তেহরানের ভুল বোঝাবুঝি অনেকাংশেই কমে গেছে।
সোমবার ইরানের রাজধানী তেহরান সফররত ওমানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান আবদুল আজিজ আবদুল্লাহ আল-মানদারির সঙ্গে এক বৈঠকে একথা জানান তিনি।
জেনারেল মোহাম্মদ বাকেরি বলেন, আরব আমিরাত ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের আলোচনা হলেও বাহরাইনের সঙ্গে ইরানের কোনো আলোচনা হয়নি।
জেনারেল বাকেরি বলেন, বাহরাইনের সঙ্গে ইরানের কোনো যোগাযোগ স্থাপিত হয়নি এবং এক্ষেত্রে ওমান নিশ্চিতভাবে ভূমিকা পালন করতে পারে।
সৌদি আরবকে অনুসরণ করে কয়েক বছর আগে বাহরাইন ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং দুই দেশের মধ্যে বর্তমানে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।
তবে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ তেহরান সফর করেন এবং তার আগে ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী আলী বাকেরি কানি আবুধাবি সফরে গিয়েছিলেন। দু’দেশের মধ্যে বর্তমানে চার্জ দ্যা অ্যাফেয়ার্স পর্যায়ে সম্পর্ক রয়েছে।
ওমানের সশস্ত্র বাহিনীর উপপ্রধানের সঙ্গে সাক্ষাতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, মাসকাতের সাথে সকল ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে তেহরান প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে ওমান ভালো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে উল্লেখ করে জেনারেল বাকেরি এজন্য ওমান সরকারকে ধন্যবাদ জানান।
সূত্র : পার্সটুডে








