ব্যাপক সমালোচনার মধ্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ইসরাইল সফরের পর গাজায় হামলার ঘটনা ঘটেছে। বুধবারের ওই ঘটনায় এক ইসরাইলি ও তিন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে রয়টার্স।

গাজায় হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গাজার উত্তরাঞ্চলে হামাসের ঘাঁটি লক্ষ্য করে ট্যাঙ্কের গোলা বর্ষণ করা হয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ বিষয়ে বলেছেন, ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি কৃষক আহত হয়েছেন। অপর দিকে হামাসের হামলায় এক ইসরাইলি আহত হয়েছেন।

অপর দিকে মঙ্গলবার রাত থেকে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজের বাড়িতে অবস্থান করছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এক দশকের মধ্যে এ প্রথমবারের মতো ইসরাইল সফর করলেন এ পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি প্রেসিডেন্ট। এ সফরের মাধ্যমে ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা আবার শুরু হতে পারে।

মাহমুদ আব্বাসের ইসরাইল সফরের পর তার সাথে আলোচনার মাধ্যমে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় কয়েকটি প্রস্তাবের কথা ঘোষণা করেছে। এ সব প্রস্তাবগুলোকে বলা হচ্ছে পারস্পরিক আত্মবিশ্বাস সৃষ্টির পদক্ষেপ। এর মাধ্যমে ভবিষ্যতে ফিলিস্তিনি ব্যবসায়ীরা সহজে ইসরাইল সফর করতে পারবেন।

অপরদিকে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজের সাথে বৈঠকের মাধ্যমে মাহমুদ আব্বাস তার দেশ ফিলিস্তিনের রাজনীতিতে বিভাজন সৃষ্টি করেছেন। তিনি দখলদার ইসরাইলের সাথে সহবস্থানের মতো জঘণ্য কাজকে উৎসাহিত করছেন।

সূত্র : রয়টার্স