বাহরাইনের কাছে রাডার ও ড্রোন প্রতিরোধী ব্যবস্থা বিক্রি করতে যাচ্ছে ইসরাইল। বুধবার ইসরাইল এরোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) ভর্তুকি দেয়া প্রতিষ্ঠান বিএটিএস এমন তথ্য জানিয়েছে।
বাহরাইনের সামরিক বাহিনী বিএটিএসের নিরবিচ্ছিন্ন উপকূলীয় পর্যবেক্ষণ ব্যবস্থা কিনবে। এটা বাহরাইনের উপকূলীয় অঞ্চলের সামরিক ঘাঁটির প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হবে।
এ বিষয়ে ইসরাইলি প্রতিষ্ঠান বিএটিএস এক বিবৃতিতে বলেছে, রাডার ও ইলেক্ট্রো-অপটিকসের একাধিক নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে বাহরাইনের সামরিক বাহিনীর নির্দেশনা ও নিয়ন্ত্রণ কেন্দ্রকে সাজানো হবে।
এ ইসরাইলি কোম্পানিটি আরো জানিয়েছে যে তাদের সরবরাহ করা রাডারগুলো জিআর-১২ প্রযুক্তি দিয়ে পরিচালিত হবে। এ রাডারগুলোর দ্বারা সকল নিরাপত্তা সমস্যার সমাধান হবে।
একাধিক রাডার ও ইলেক্ট্রো-অপটিকসের সমন্বয়ে গঠিত এ নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ইসরাইলি প্রতিষ্ঠান বিএটিএস বলেছে, এ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মধ্যম ও বেশি দূরত্বে থাকা স্থানের পাশাপাশি কাছের উপকূলের বিভিন্ন বস্তু শনাক্ত ও তার গতিবিধি সম্পর্কে জানা যাবে। এছাড়া এ নিরাপত্তা ব্যবস্থার সেবা গ্রহণকারীরা লক্ষ্যবস্তুর ছবিও দেখতে পাবেন।
বিএটিএস জানিয়েছে, এ বছরের জানুয়ারিতে রাডার ও ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নিয়ে চুক্তি হয়েছে। এ বছরেই এসব রাডার ও ড্রোন প্রতিরোধী ব্যবস্থা বাহরাইকে সরবরাহ করা হবে।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজের সাথে হওয়া সামরিক চুক্তির আওতায় এসব নিরাপত্তা ব্যবস্থা কিনছে বাহরাইন।
সূত্র : মিডল ইস্ট মনিটর








