উপসাগরীয় রাষ্ট্র বাহরাইন এক ইসরাইলি নৌ-কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে। শনিবার বাহরাইন সরকার এ বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ অঞ্চলে নৌ-পথের স্বাধীনতা নিশ্চিত করতে ইসরাইলি নৌ-কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে।

শুক্রবার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের লিয়াজো কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে এ ইসরাইলি নৌ-কর্মকর্তাকে বাহরাইনে নিয়োগ করা হয়েছে।

বাহরাইনের সরকারি গণমাধ্যম বলেছে, বিভিন্ন গণমাধ্যমে যে ইসরাইলি নৌ-কর্মকর্তাকে বাহরাইনে নিয়োগ করার কথা বলা হয়েছে, তিনি একটি আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে এখানে যোগ দিয়েছেন। এ আন্তর্জাতিক জোটে ৩৪টির বেশি দেশ রয়েছে। এ আন্তর্জাতিক জোট এ অঞ্চলে সামুদ্রিক নৌ-পথের স্বাধীনতা নিশ্চিত করবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে সুরক্ষা দেবে। এছাড়া এ অঞ্চলের সামুদ্রে জলদস্যুতা ও উগ্রবাদ প্রতিহত করবে।

উল্লেখ্য, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো বাহরাইনও এখানকার সামুদ্র পথে নিরাপত্তাহীনতার জন্য ইরানকে দায়ী করে। তবে ইরান এমন দাবি প্রত্যাখ্যান করেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর