ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলের আকাশসীমা লঙ্ঘন করেও একটি লেবাননি ড্রোন নিরাপদে ফিরে গেছে। লেবানন থেকে আসা এ ড্রোনটিকে বিধ্বস্ত করতে ব্যর্থ হয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী এমন তথ্য প্রকাশ করে বলে সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

ইসরাইলি সেনাবাহিনী মুখপাত্র অভিচয় আদরাই তার টুইটার অ্যাকাউন্টে বলেন, প্রাথমিক তদন্তে এ বিষয়টি জানা গেছে যে শুক্রবার সকালে একটি ছোট ড্রোন ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করেছিল। এ ড্রোনটি লেবানন থেকে এসেছিল।

তিনি আরো বলেন, এ ড্রোনটি ইসরাইলি সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। ইসরাইলি নজরদারি ব্যবস্থায় এ বিষয়টি ধরা পড়ার পর দেশটির জঙ্গি বিমান ও হেলিকপ্টারগুলোকে পাঠানো হয় ওই লেবাননি ড্রোনটিকে প্রতিরোধ করতে। এমনকি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেও একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কিন্তু, ওই লেবাননি ড্রোনটিকে বিধ্বস্ত করা যায়নি।

ইসরাইলি সেনাবাহিনী মুখপাত্র অভিচয় আদরাই আরো বলেন, আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক মিনিট পরেই ওই ড্রোনটি লেবাননে ফিরে যায়।

সূত্র : মিডল ইস্ট মনিটর