ইসরাইলকে ফিলিস্তিনের অধিকৃত জেরুসালেম শহরে অবস্থিত চার্চের জমি দখল না করতে আহ্বান জানিয়েছেন খৃস্টান নেতারা। সোমবার ফিলিস্তিনের খৃস্টান নেতারা এমন আহ্বান জানান। তারা বলেন, ইসরাইলি কর্তৃপক্ষ জেরুসালেম শহরে অবস্থিত চার্চের জমি দখল করার পরিকল্পনা করছে।

এ বছরের ১৮ ফেব্রুয়ারি তারিখে ইসরাইলের পরিবেশ সুরক্ষা বিষয়ক মন্ত্রী তামার জান্দবার্গকে লেখা এক চিঠিতে খৃস্টান নেতারা এমন আহ্বান জানান। ফিলিস্তিনের খৃস্টান নেতারা বলেন, একটি ইসরাইলি পার্ককে সম্প্রসারিত করতে পূর্ব জেরুসালেমের অলিভ মাউন্ট চার্চের জমি দখল করার পরিকল্পনা করা হচ্ছে। তারা ইসরাইলি কর্তৃপক্ষকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

ওই চিঠিতে স্বাক্ষর করেছেন জেরুসালেম থিওপোলিস-৩য় চার্চের গ্রীক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক, হলি ল্যান্ড ফ্রান্সেসকো প্যাটনের ক্যাথলিক চার্চ কাস্টমস ও জেরুজালেমের আর্মেনিয়ান প্যাট্রিয়ার্ক নুরহান মানুগিয়ান।

এ ফিলিস্তিনের খৃস্টান নেতারা বলেন, অলিভ মাউন্ট হলো খৃস্টান ধর্মের একটি পবিত্র স্থান। এখানে খৃস্টান ধর্মের অনেকগুলো গুরুত্বপূর্ণ চার্চ আছে। এখানে সারা বিশ্বের কোটি কোটি মানুষ তীর্থ ভ্রমণে আসে।

এ চিঠির কতগুলো কপি পাঠানো হয়েছে জেরুসালেমে অবস্থিত তুরস্ক, ফ্রান্স, ইতালি, গ্রীস, স্পেন ও সুইডেন দূতাবাসে।

এর আগে গত বছর ফিলিস্তিনের খৃস্টান নেতারা বলেছেন, পূর্ব জেরুসালেমে খৃস্টান চার্চের সম্পদ দখল করতে চায় ইসরাইলের ইহুদি বসতি স্থাপনকারীরা।

সূত্র : আনাদোলু এজেন্সি