ইসরাইল, বাহরাইন, মিসর, মরক্কো ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের বিষয়ে নিন্দা করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী। ইসরাইলে এ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
ইসরাইলের সাথে ওই আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের বিষয়ে নিন্দা করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ। ইসরাইলের দক্ষিণাঞ্চলের শহর নেগেভে এ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। ইসরাইলের দখদারিত্বের মধ্যেও আরব দেশগুলো এ বৈঠকে সম্মত হওয়ার বিষয়টিকে বিভ্রম বলে অভিহিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
ওয়াফা নিউজ এজেন্সি তাদের প্রতিবেদনে জানিয়েছে, রামাল্লায় মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে বৈঠক করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী। ওই সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলে ইসরাইলের আন্দোলনের বিষয়ে আমরা সকলেই জানি। এমন সময়ে ফিলিস্তিনে ইসরাইলের দখদারিত্বের অবসান না হওয়া সত্ত্বে আরব দেশগুলো তাদের সাথে বৈঠক করছে। ইসরাইল ও আরব দেশগুলোর এ বৈঠকটি হলো এক ধরনের বিভ্রম ও মরীচিকা।
২০২০ সালে আরব দেশগুলোর সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য মধ্যস্থতা করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে আরব দেশগুলো ইসরাইলের সাথে কূটনীতিক সম্পর্ক শুরু করে।
সূত্র : মিডল ইস্ট মনিটর








